• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

আশুলিয়ার পশুর হাটে গরু বাঁধা নিয়ে সংঘর্ষ, পরে এক ব্যবসায়ীর মৃত্যু

প্রতিবেদক / ১৫ বার
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

আশুলিয়ায় কোরবানির পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অসুস্থ হয়ে এক গরু ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার শিমুলিয়া পাড়াগ্রাম জনকল্যাণ সমিতির অস্থায়ী পশুর হাটে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল্লাহ কায়সার ধামরাই উপজেলার মঙ্গলবাড়ি এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় ওষুধ ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, শহিদুল্লাহ কায়সার তার ভাই ও ভাগ্নেকে নিয়ে ১৮টি গরু ও দুটি ছাগল হাটে আনেন। এর মধ্যে ১৪টি গরু বিক্রি হয়ে যায়। রাতের দিকে অবশিষ্ট চারটি গরু রাখার স্থান নিয়ে নৈহাটি এলাকার জুলহাস নামের এক ব্যক্তির সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ বেধে যায়। এ সময় কায়সারের ভাগ্নে রনির হাতে থাকা মোটরসাইকেলের হেলমেট দিয়ে জুলহাসকে আঘাত করা হলে উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

পরে খবর পেয়ে হাট কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। এ সময় হঠাৎ শহিদুল্লাহ কায়সার অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাড়াগ্রাম জনকল্যাণ সমিতির অস্থায়ী পশুর হাট কমিটির সভাপতি মোখলেছুর রহমান বলেন, ঘটনার পরপরই তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে কায়সার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মারামারির ঘটনার পর এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা