মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে কৃষি জমি থেকে অবৈধভাবে টপসয়েল (উপরিভাগের মাটি) কর্তনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মাটি কাটার সরঞ্জাম জব্দসহ সেগুলো সাময়িকভাবে অচল করে দেওয়া হয়।
বুধবার (৩ জুন) সন্ধ্যায় ঝিলিম ইউনিয়নের ভাবুক মৌজায় এই অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ।স্থানীয় সূত্রে জানা গেছে, ভাবুক মৌজার ফসলি জমি থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে টপসয়েল কেটে নিয়ে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় সেখানে আকস্মিক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।অভিযানকালে মাটি কাটা ও পরিবহনের কাজে ব্যবহৃত ১টি স্কেভেটর (মাটি কাটার ভেকু) এবং ৪টি ট্রাক্টরের ব্যাটারি জব্দ করা হয়। পরে ইঞ্জিনগুলো সাময়িকভাবে অচল করে দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ জানান, ফসলি জমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে টপসয়েল কাটার বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।