সূত্র জানিয়েছে, উত্তরা ও মতিঝিল– উভয় প্রান্ত থেকে সর্বশেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে।
বর্তমানে সপ্তাহের সাত দিনই উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে।
অতিরিক্ত এই ২০ মিনিট সময়ের মধ্যে নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদ্যমান সূচির ধারাবাহিকতায় ২০ মিনিট হেডওয়ে বজায় রেখেই শেষ ট্রেন পরিচালনা করা হবে।
এর আগে গত বছরের অক্টোবরে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। তখন সকালে ট্রেন চলাচল আধা ঘণ্টা আগে শুরু করা হয় এবং রাতের শেষ ট্রেনের সময়ও আধা ঘণ্টা বাড়ানো হয়।
মেট্রোরেলের নিয়মিত এক যাত্রী বলেন, অফিস শেষে প্রায়ই ফার্মগেট থেকে মিরপুর যেতে শেষ ট্রেনে উঠি। অনেক সময় দৌড়ে ট্রেন ধরতে হয়, আবার কখনও মিসও হয়ে যায়। শেষ ট্রেনের সময় ২০ মিনিট বাড়ানো হলে সেটি খুবই উপকারী হবে।
এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর থেকে বুধবার রাতে জানিয়েছে, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে আগামী ৭ মে থেকে ঢাকা মেট্রোরেলে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। এর ফলে উত্তরা উত্তর স্টেশন হতে মতিঝিল স্টেশনগামী শেষ ট্রেন ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল হতে ১০টা ৩০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে।
সবশেষে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে মেট্রোরেল সেবা চালু হয়। তবে নির্মাণাধীন কমলাপুর স্টেশন চালু হওয়ার পর এমআরটি লাইন-৬ এর পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্ন হবে।