বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ছন্দের আভাস দিয়েছে ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী জয় নিয়েই বিশ্বকাপ মিশনে নামছে থমাস টুখেলের দল।
বৃহস্পতিবার (১১ জুন) অরল্যান্ডোর ইন্টার অ্যান্ড কো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি তীব্র ঝড়-বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর শুরু হয়। তবে মাঠে নামার পর শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড।
ম্যাচের ৮ মিনিটেই ডেকলান রাইসের গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্সরা। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি ইংলিশরা। বিশেষ করে ননি মাদুয়েকের একটি সহজ সুযোগ পোস্টে লেগে ফিরে আসে।
বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল অব্যাহত রাখে টুখেলের শিষ্যরা। ম্যাচের ৬৭ মিনিটে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় ইংল্যান্ড। এক মিনিট পর স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন অ্যান্টনি গর্ডন।
দুই গোলে পিছিয়ে পড়ার পর কোস্টারিকা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ইংল্যান্ডের রক্ষণভাগে তেমন কোনো চাপ সৃষ্টি করতে পারেনি। বরং ম্যাচের ৮৬ মিনিটে ব্যবধান আরও বাড়ান বদলি খেলোয়াড় ওলি ওয়াটকিন্স। মর্গান রজার্সের শট ফিরিয়ে দিলেও ফিরতি বলে হেড করে জালে পাঠান তিনি।
৩-০ গোলের এই স্বস্তিদায়ক জয় ইংল্যান্ডকে বিশ্বকাপের আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসরের অভিযান শুরু করবে থ্রি লায়ন্সরা।