দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং লাগামহীন মূল্যস্ফীতির চাপ কিছুটা নিয়ন্ত্রণে আনতে বড় ধরনের কর সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ প্রায় ৬০ ধরনের নিত্যপ্রয়োজনীয় ও মৌলিক কৃষিপণ্যের ওপর উৎসে কর উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমানে বিভিন্ন নিত্যপণ্যে পণ্যভেদে এক থেকে পাঁচ শতাংশ পর্যন্ত উৎসে কর আরোপ রয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী এই হার কমিয়ে সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ শতাংশ নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ ব্যয় কমে আসার আশা করা হচ্ছে।
প্রস্তাবিত তালিকায় ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি ও ভোজ্যতেলসহ প্রধান খাদ্যপণ্যগুলো অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি বীজ, সারসহ কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট উপকরণও কর ছাড়ের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। গবাদিপশু, হাঁস-মুরগি ও মৎস্য খাতেও একই ধরনের সুবিধা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, এই কর হ্রাস কার্যকর হলে সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাপে ব্যয় কমে ভোক্তা পর্যায়ে কিছুটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতে পারে। তবে তারা সতর্ক করে বলেছেন, শুধু কর কমানোই যথেষ্ট নয়; পরিবহন ব্যয়, বাজার ব্যবস্থাপনা এবং মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণও জরুরি।
নীতিনির্ধারকদের ভাষ্য অনুযায়ী, বিশ্ববাজারের অস্থিরতা ও অভ্যন্তরীণ বাজারে চাপের কারণে মূল্যস্ফীতি কমানোই সরকারের প্রধান লক্ষ্য। কর ছাড়ের এই উদ্যোগকে তারা জনগণের প্রতি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেখছেন।
এছাড়া করের চাপ কমলে বাজারে কৃত্রিম সংকট তৈরির প্রবণতা কমবে এবং কৃষি উৎপাদনেও গতি আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বীজ ও সারের দাম কমায় কৃষকরা উৎপাদনে আরও উৎসাহিত হবেন।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বাজার মনিটরিং জোরদার এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এদিকে আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় নয় লাখ আটত্রিশ হাজার কোটি টাকার এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় লাখ পঁচানব্বই হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে দেশি ও বিদেশি উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় স্পিকারের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক নীতি ঘোষণা উপস্থাপিত হবে বলে জানা গেছে।
বাংলাদেশ নিউজ টুডে / এস.এ