পর্দায় খলচরিত্রে পরিচিত মুখ আশরাফুল হক ডন। তবে চলচ্চিত্রে আসার আগে তার জীবন ছিল একেবারেই ভিন্ন। বগুড়ায় জন্ম নেওয়া ডন একসময় মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নিয়মিত আজান দিতেন।
১৯৭১ সালে জন্ম নেওয়া ডন দশ ভাই-বোনের মধ্যে সবার ছোট। ঢাকায় এসে নির্মাতা সোহানুর রহমান সোহানের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি।
‘লাভ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হলেও তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই সিনেমায় অভিনয়ের সূত্রেই প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে তার পরিচয় এবং পরবর্তীতে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে।
সালমান শাহ অভিনীত ২৭টি সিনেমার মধ্যে ২৪টিতেই খলচরিত্রে অভিনয় করেছেন ডন। নব্বইয়ের দশকে ‘বিক্ষোভ’, ‘তোমাকে চাই’, ‘জীবন সংসার’, ‘মহামিলন’সহ বেশ কয়েকটি সিনেমায় তার অভিনয় দর্শকদের নজর কাড়ে।
দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ছয় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ডন। চলচ্চিত্রের পাশাপাশি নাটক, টেলিফিল্ম ও প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
তবে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারের পর তার দীর্ঘ অভিনয়জীবন ও প্রয়াত নায়কের সঙ্গে বন্ধুত্বের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।