যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে অবস্থান করা ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান এবার হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। অভিনয়ের পাশাপাশি এবার তাকে দেখা যাবে একটি গানের ভিডিওচিত্রের মডেল হিসেবে।
‘শিকারী’ শিরোনামের এই গানের টিজার ইতোমধ্যে প্রকাশ হয়েছে। আর টিজারেই দেখা গেছে চমক—একাধিক আমেরিকান নারী মডেলের সঙ্গে নাচ ও গানে অংশ নিয়েছেন জায়েদ খান। বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত ভিডিওচিত্রে জায়েদের সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন এবং যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা।
জায়েদ খানের দাবি, টিজার প্রকাশের পর বাংলাদেশ থেকে অনেক দর্শক ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তার ভাষ্য, পুরো ভিডিওচিত্রে দর্শকদের জন্য আরও চমক থাকছে।
জানা গেছে, এটি একটি ব্যয়বহুল মিউজিক ভিডিও। যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম লোকেশনে হয়েছে শুটিং। নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন টেকনিশিয়ানও অংশ নিয়েছেন।
স্টেডিক্যাম অপারেটর হিসেবে ছিলেন এনরিক ক্যামাচো। এখন দর্শকদের অপেক্ষা, পুরো ‘শিকারী’তে জায়েদ খানের নতুন উপস্থিতি কতটা সাড়া ফেলে।