একসময় সপ্তাহান্তে টেলিভিশনের পর্দায় ‘নাগিন’ মানেই ছিল দর্শকের বাড়তি আগ্রহ। এবার সেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টেলিভিশনের গণ্ডি পেরিয়ে বড় পর্দায় আসতে চলেছে।
প্রযোজক একতা কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নতুন এই অধ্যায়ের ইঙ্গিত দিয়েছেন। ভিডিওতে ‘নাগিন’-এর বিভিন্ন সিজনে অভিনয় করা অভিনেত্রীদের দেখা যায়। শেষের বার্তায় জানানো হয়, ১১ বছর ছোট পর্দায় রাজত্ব করার পর এবার আরও বড় পরিসরে আসছে ‘নাগিন’।
তবে সিনেমাটি কবে মুক্তি পাবে, কারা অভিনয় করবেন কিংবা গল্প কেমন হবে—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
২০১৫ সালে মৌনি রায় ও অর্জুন বিজলানিকে নিয়ে শুরু হয়েছিল ‘নাগিন’। এরপর একে একে সুরভি জ্যোতি, নিয়া শর্মা, সুরভি চন্দনা, তেজস্বী প্রকাশসহ অনেক জনপ্রিয় অভিনেত্রীকে দেখা গেছে বিভিন্ন সিজনে।
২০২৫ সালে শুরু হওয়া সপ্তম সিজনের সম্প্রচার শেষ হয় ২০২৬ সালের ১৪ জুন।
এবার ছোট পর্দার দীর্ঘ সাফল্যের পর বড় পর্দায় ‘নাগিন’ কতটা চমক দেখায়, সেটিই দেখার অপেক্ষা।