‘এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখেছি’—এমন মন্তব্য করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। মঙ্গলবার এক অনুষ্ঠানে দেশের রাজনীতি ও দলীয় সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আসিফ আকবর বলেন, সময়ের সঙ্গে রাজনৈতিক দলের নেতৃত্ব ও পরিচয় বদলালেও বিভিন্ন দলে সুবিধাবাদীদের প্রবেশের প্রবণতা থেকে যায়। তার ভাষায়, দলীয় রাজনীতিতে যারা সত্যিকারের দেশ ও দলকে ভালোবাসেন, তাদের পাশাপাশি নানা সুবিধাবাদী গোষ্ঠীও ঢুকে পড়ে।
রাজনীতিতে পরিবর্তনের জন্য আওয়াজ তোলার ওপর গুরুত্ব দিয়ে এই সংগীতশিল্পী বলেন, দেশের মানুষের সামনে এসব বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন এবং তিনি তার অবস্থান থেকে কথা বলে যাবেন।
নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে আসিফ আকবর আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ অনেক বেশি বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ এনসিপি বা কমিউনিস্ট পরিচয়ে বিভক্ত হলেও, তার মতে—সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত বাংলাদেশি।
দেশের রাজনৈতিক বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়া জরুরি।