পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল নির্মাতা রায়হান রাফীর ভৌতিক সিনেমা ‘আন্ধার’। বিশেষ করে চরিত্রগুলোর রহস্যময় লুক দর্শকদের মধ্যে তৈরি করেছিল বাড়তি কৌতূহল। অবশেষে প্রকাশ পেয়েছে সিনেমাটির বহুল প্রতীক্ষিত টিজার।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রকাশিত এক মিনিট ২৬ সেকেন্ডের টিজারে উঠে এসেছে ভয়, রহস্য, মৃত্যু ও কালোজাদুর আবহ। আয়নার সামনে রহস্যময় নারী, বাথটাবে পড়ে থাকা প্রাণহীন দেহ, রক্তমাখা হাত ও অন্ধকার জঙ্গলের দৃশ্য টিজারে তৈরি করেছে ভিন্নধর্মী আতঙ্ক।
নাজিফা তুষীকে দেখা গেছে রহস্যময় এক নারীর চরিত্রে। অন্যদিকে সিয়াম আহমেদের চরিত্র নিয়ে রাখা হয়েছে সবচেয়ে বেশি ধোঁয়াশা। টিজারের শেষদিকে তার জ্বলজ্বলে নীল চোখের চাহনি তৈরি করেছে নতুন প্রশ্ন।
গাজী রাকায়েত ও চঞ্চল চৌধুরীকেও দেখা গেছে টিজারে।
রায়হান রাফীর পরিচালনায় ‘আন্ধার’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষী, চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, আফসানা মিমিসহ আরও অনেকে।
সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’।