অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় পরীমনি। ব্যক্তিজীবনের নানা ঘটনা ও অনুভূতি প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার একটি শিশুকে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সোমবার সকালে ফেসবুকে ছবিটি প্রকাশ করে পরীমনি লেখেন, ‘তিন নাম্বার জন ডান।’ এরপরই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে—তবে কি আবারও কোনো শিশুকে দত্তক নিয়েছেন অভিনেত্রী?
এক অনুসারীর প্রশ্নের জবাবে পরীমনি জানান, কোলে থাকা শিশুটি ছেলে। ভবিষ্যতে আরও সন্তান নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি লেখেন, ‘৯৭ ইনশাল্লাহ।’
শিশুদের প্রতি পরীমনির ভালোবাসার বিষয়টি অবশ্য নতুন নয়। এর আগে প্রায় দুই বছর আগে কন্যাশিশু সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।
এবার নতুন শিশুর ছবি প্রকাশের পর অনেকেই ধারণা করছেন, মেয়ের পর এবার হয়তো পুত্রসন্তান দত্তক নিয়েছেন পরীমনি।
তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেত্রী। নতুন পোস্টের অর্থ কী, সে বিষয়েও সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেননি তিনি।