হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের নিয়মিত প্রতিরক্ষা বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়াকে যুক্ত করার বিষয়ে ওয়াশিংটনের চাপ রয়েছে। এরই অংশ হিসেবে বৈঠকে গুরুত্বপূর্ণ এই জলপথে দক্ষিণ কোরিয়ার সামরিক সদস্য মোতায়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে হরমুজ প্রণালির আশপাশের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে সংযুক্ত আরব আমিরাতে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল দক্ষিণ কোরিয়া। সেখানে সামরিক সদস্য মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করতেই ওই প্রতিনিধি দল পাঠানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ও নিরাপত্তাঝুঁকি বেড়েছে। এ পরিস্থিতিতে জলপথটির নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সহায়তা চাইছে যুক্তরাষ্ট্র।
এ অবস্থায় হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য সামরিক ভূমিকা নিয়ে দুই দেশের আসন্ন প্রতিরক্ষা বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।