ইরানের পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামিকে ভিয়েনায় জাতিসংঘের পরমাণু সংস্থার সদর দফতরে অনুষ্ঠেয় বার্ষিক সম্মেলনে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, যুক্তরাষ্ট্রের আপত্তির কারণেই তাকে বৈঠকে অংশ নিতে দেওয়া হয়নি।
ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শনিবার নিয়মিত একটি ফ্লাইটে ভিয়েনার উদ্দেশে রওনা হন মোহাম্মদ ইসলামি ও তার প্রতিনিধিদল। তবে পথে তাদের আটকে দেওয়া হয়। পরে তিনি তেহরানে ফিরে আসেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইরান। দেশটির পক্ষ থেকে অস্ট্রিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে বলেও জানানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানি প্রতিনিধিদলকে ভিসা দিতে অস্ট্রিয়া সরকারের অস্বীকৃতি সম্পূর্ণ অযৌক্তিক সিদ্ধান্ত। তার দাবি, এ ঘটনার পেছনে মার্কিন চাপ থাকার বিষয়টি ইরানের কাছে স্পষ্ট।
তবে বাঘেই বলেন, মার্কিন চাপ থাকলেও এ ঘটনায় অস্ট্রিয়া সরকারের দায় এড়ানোর সুযোগ নেই। ভিয়েনায় জাতিসংঘের পরমাণু সংস্থার বার্ষিক সম্মেলনে ইরানের প্রতিনিধিদলের অংশগ্রহণ ঘিরে এ পরিস্থিতি নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি করেছে।