বিশ্বকাপ জয়ের দুই মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে স্পেন। উয়েফা নেশনস লিগের জন্য ঘোষিত নতুন স্কোয়াডে বিশ্বকাপজয়ী ২৬ জনের দল থেকে বাদ পড়েছেন চারজন। পাশাপাশি দলে ফিরেছেন কয়েকজন পরিচিত মুখ।
চোটের কারণে জায়গা হারিয়েছেন বার্সেলোনার গোলকিপার হোয়ান গার্সিয়া ও মিডফিল্ডার গাভি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় দলে নেই মার্কোস লরেন্তেও। তাদের জায়গায় দলে এসেছেন হোসেপ মার্টিনেজ, এরিক গার্সিয়া ও ফারমিন লোপেজ। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেছেন গোলকিপার হোসেপ মার্টিনেজ।
বিশ্বকাপের দলে থাকা রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ডিন হুইসেনও নতুন স্কোয়াডে রয়েছেন। তবে বড় চমক এস্পানিওলের স্ট্রাইকার বোরহা ইগলেসিয়াসের বাদ পড়া। তাঁর জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রবার্তো ফার্নান্দেজ।
কোচ দে লা ফুয়েন্তে বিশ্বকাপের মূল দল ধরে রাখার পাশাপাশি নতুন খেলোয়াড়দের জন্যও জাতীয় দলের দরজা খোলা রাখার বার্তা দিয়েছেন।
নতুন আন্তর্জাতিক সূচিতে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্পেনের অভিযান। এরপর ২৯ সেপ্টেম্বর ক্রোয়েশিয়া, ৩ অক্টোবর চেক প্রজাতন্ত্র এবং পরে আবারও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা।
স্কোয়াডে রয়েছেন উনাই সিমন, ডেভিড রায়া, রদ্রি, পেদ্রি, দানি ওলমো, লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসসহ বিশ্বকাপজয়ী দলের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য।