নিজস্ব প্রতিনিধিঃ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি-এর ২০২৬–২৭ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছে বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল)। সভাপতি ও সম্পাদক পদসহ প্রায় সব গুরুত্বপূর্ণ পদেই তাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে নীল প্যানেলের এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৭৭৮ ভোট।
অন্যদিকে সম্পাদক পদে মোহাম্মদ আলী ২ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হন।
সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও সহ-সম্পাদকসহ অধিকাংশ পদেও নীল প্যানেলের প্রার্থীরা জয় পান। কার্যনির্বাহী কমিটির সাতটি সদস্য পদের মধ্যে ছয়টিও যায় তাদের দখলে। মাত্র একটি সদস্য পদে জয় পায় জামায়াতে ইসলামী–সমর্থিত সবুজ প্যানেল।
দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে বুধবার ভোট গণনা শুরু হয়ে বৃহস্পতিবার গভীর রাতে ফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজারের বেশি, যার মধ্যে ভোট দেন ৪ হাজারেরও বেশি আইনজীবী।
নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক সমর্থিত প্যানেল অংশ নিলেও আওয়ামী লীগপন্থি আইনজীবীরা অংশ নিতে পারেননি। পূর্বের এক সিদ্ধান্তের ভিত্তিতে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বন্ধ রাখা হয়, যা নিয়ে ভিন্নমতও রয়েছে বলে জানা গেছে।