নিজস্ব প্রতিনিধিঃ
স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারি উপবৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এ আবেদন চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।
রবিবার (১৭ মে) থেকে আবেদন গ্রহণ শুরু হয়। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বলে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩–২৪ শিক্ষাবর্ষে (ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ) ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা এ উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষার্থীদের নির্ধারিত নিয়ম অনুযায়ী ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ এর মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৭ মে সকাল ৯টা থেকে এবং শেষ হবে ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিটে।
এরপর শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের তথ্য যাচাই-বাছাই করে সফটওয়্যারের মাধ্যমে ফরওয়ার্ড করতে হবে। এ কার্যক্রম চলবে ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই।
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট ও ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।