নিজস্ব প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্টার্লিং হাইটসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশি কমিউনিটির পরিচিত রিয়েলটর এমডি গুলশান আহমেদ মারা গেছেন।
রোববার (১৭ মে) দুপুর ১টা ৭ মিনিটে বউমন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) রায়ান রোডের ১৯ মাইল ও হল রোডের মাঝামাঝি এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।
পরিচিতরা জানান, এমডি গুলশান আহমেদ অত্যন্ত ভদ্র ও নরম স্বভাবের মানুষ ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।
দুর্ঘটনার পর তদন্তের স্বার্থে রায়ান রোডের ওই অংশ সাময়িকভাবে বন্ধ করে দেয় স্থানীয় পুলিশ প্রশাসন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার ও তদন্ত কার্যক্রম পরিচালনা করে।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।