• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

জয়-পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্যগ্রহণ

প্রতিবেদক / ১৪ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৩ মে মামলার ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছিল। তবে সাক্ষী অসুস্থ থাকায় সেদিন শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে আজকের দিন ধার্য করা হয়।

মামলায় জুনাইদ আহমেদ পলক বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আদালতে আইনি কার্যক্রম পরিচালনা করছেন।

গত ২৬ এপ্রিল মামলার পঞ্চম সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানির এক কর্মকর্তার জেরা সম্পন্ন হয়।

আসামিপক্ষের আইনজীবীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে ১৯ এপ্রিল ওই সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছিল।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়ান জুনাইদ আহমেদ পলক। এর পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র সদস্যদের হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ইন্টারনেট বন্ধে ভূমিকা রাখা, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে উসকানি দেওয়া এবং হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মামলায় বলা হয়েছে, এসব ঘটনায় রাসেল ও মোসলেহ উদ্দিনসহ ২৮ জন নিহত হন। একই সঙ্গে উত্তরায় ৩৪ জনকে হত্যায় সহায়তার অভিযোগও রয়েছে।

চলতি বছরের ২১ জানুয়ারি জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা