নিজস্ব প্রতিনিধিঃ
উত্তরা সার্বজনীন পূজা কমিটির ২০২৬–২০২৭ মেয়াদের নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরা ১৭ নম্বর সেক্টরের বিন্দাবন সার্বজনীন পূজা মণ্ডপে এ আয়োজন সম্পন্ন হয়।
উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভক্তবৃন্দ, সুধীজনসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং সিদ্ধেশ্বরী কালী মন্দিরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অভিষেক উপলক্ষে বিকেলে উত্তরা সার্বজনীন মন্দিরে সত্য নারায়ণ পূজা অনুষ্ঠিত হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ এবং রাতের ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় সম্প্রীতি, ঐক্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা নবগঠিত কার্যকরী পরিষদের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন কমিটির সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ সিকদার ও সাধারণ সম্পাদক তপন চন্দ্র সাহা।