রাতের নিস্তব্ধতায়
- খালিদ রিয়াজ 306
রাতের আঁচল বিছিয়ে আকাশ যখন শান্ত হয়,
শহরের বুকে ক্লান্ত প্রদীপ নিভে যায় অসময়।
রাস্তার ধারে ল্যাম্পপোস্টগুলো একাকী দাঁড়িয়ে রয়,
অন্ধকারের গভীর অতল গুমরে গুমরে সয়।
নির্জন পথে বাতাসের গান শোনায় করুণ সুর,
হারানো দিনের স্মৃতির মিছিল ধায় বহু বহু দূর।
জানালার ধারে বসে থাকা মন খুঁজে ফেরে ঠিকানা,
পুরানো চিঠির ভাঁজে জমা আছে কত শত মানা।
নিশাচর পাখি ডানা ঝাপটায় ওই কালো অরণ্যে,
জোছনা বিলায় চাঁদের কিরণ পৃথিবীর হিরণ্ময়ে।
প্রকৃতি এখানে নিথর স্তব্ধ মায়ার চাদর গায়,
রজনীগন্ধা সুবাস ছড়ায় বসন্তের হিম বায়।
মায়ের হাতের শীতল পরশ মনে পড়ে যায় আজ,
বাবার শাসন, শৃঙ্খল ঘেরা কত শত গৃহকাজ।
জীবন এখানে বহমান নদী, বাঁকে বাঁকে তার ঢেউ,
সুখ-দুঃখের এই ভিড়ের মাঝে চেনে না আমায় কেউ।
মাটির বুক থেকে উঠে আসে ওই সোঁদা ঘ্রাণ নাকে আসে ধীরে,
জেগে থাকে শুধু একা এক মন একাকী আপন নীড়ে।
স্বপ্নগুলো ডানা মেলে দেয় ওই নক্ষত্র পানে,
শান্তি খুঁজে পায় ক্লান্ত হৃদয় রাতের গহীন গানে।
নিস্তব্ধ রাত কথা বলে যায় অব্যক্ত সব স্বরে,
হৃদয় গহীনে জমে থাকা ব্যথা নীরবে ঝরে পড়ে।
আঁধার ভেদ করে আসবে প্রভাত সোনালী দিনের আলো,
সেই আশাতেই মগ্ন চরাচর একাকী নিকষ কালো।
অপেক্ষায় থাকে পৃথিবী আবার নতুন সূর্যের তরে,
রাতের আঁধার কেটে যাবে ঠিক আলোরই অন্তঃপুরে।
