• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ঈদজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা-স্বস্তি ফিরতে পারে জনজীবনে

প্রতিবেদক / ৭ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর এবার জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এসেছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আসন্ন ঈদুল আজহার ছুটি ও ঈদের দিনসহ আগামী প্রায় এক সপ্তাহ দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে ধীরে ধীরে সারাদেশে তাপমাত্রা কমে আসতে পারে।

সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দুপুরের দিকে ভারী বৃষ্টি হয়। শুধু ঢাকাতেই এক ঘণ্টায় প্রায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আবহাওয়াবিদদের মতে ভারী বৃষ্টির পর্যায়ে পড়ে।
ঈদের ছুটির শুরুতেই বহু মানুষ রাজধানী ছেড়ে গ্রামের পথে রওনা হয়েছেন। এ সময় বৃষ্টির কারণে কোথাও কোথাও যাত্রাপথে ভোগান্তি তৈরি হলেও দীর্ঘদিনের প্রচণ্ড গরমে তা কিছুটা স্বস্তিও এনে দিয়েছে।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
বুধবার সারাদেশেই বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অনেক এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু অংশে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এতে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
ঈদের দিন এবং পরদিন বৃষ্টির প্রবণতা আরও জোরদার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দেশের বেশিরভাগ অঞ্চলে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রাও আরও কমতে পারে।

আবহাওয়ার বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন এমন বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, সিলেট ও উপকূলীয় এলাকায় মে মাসের শেষ দিকেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ফলে আপাতত নতুন করে বড় কোনো তাপপ্রবাহের আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা