• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষায়িত পুলিশ ইউনিটে জনবল বাড়ানোর দাবি

প্রতিবেদক / ৪১ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

শিল্পাঞ্চল, মহাসড়ক, নৌপথ, পর্যটন খাত ও সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোতে জনবল বাড়ানোর দাবি উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ক্রমবর্ধমান নিরাপত্তা চাহিদার তুলনায় এসব ইউনিট বর্তমানে সীমিত জনবল নিয়ে কাজ করছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, শিল্প পুলিশ, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর দায়িত্ব ও কার্যপরিধি দিন দিন বাড়ছে। তবে প্রয়োজন অনুযায়ী জনবল, প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা না থাকায় কার্যক্রম পরিচালনায় চাপ বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিস্তৃত শিল্প খাত, রপ্তানিমুখী পোশাক শিল্প এবং নতুন অর্থনৈতিক অঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে শিল্প পুলিশকে আরও শক্তিশালী করা জরুরি। বর্তমানে শিল্প পুলিশের কার্যক্রম সীমিত কয়েকটি এলাকায় পরিচালিত হলেও শিল্পপ্রধান সব অঞ্চলে পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ইউনিট ও জনবল প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একইভাবে নদীপথে অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ এবং নদীবন্দরগুলোর নিরাপত্তা জোরদারে নৌ পুলিশের সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
পর্যটন খাত দ্রুত সম্প্রসারিত হওয়ায় ট্যুরিস্ট পুলিশে প্রশিক্ষিত জনবল বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন কর্মকর্তারা। তাদের মতে, প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং ও দক্ষ জনবল নিশ্চিত করা গেলে বিশেষায়িত ইউনিটগুলোর কার্যকারিতা আরও বাড়বে এবং জনসেবা উন্নত হবে।
এদিকে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সারা দেশে কার্যক্রম সম্প্রসারণ এবং তদন্ত সক্ষমতা বাড়াতে অতিরিক্ত পাঁচ হাজার জনবল ও স্থায়ী অফিস ভবনের দাবি জানিয়েছে।

পিবিআই প্রধান ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোস্তফা কামাল জানান, বর্তমানে সংস্থাটির জনবল ২ হাজার ৩১ জন। দেশের ৪২টি জেলায় তারা ভাড়া করা অফিসে কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, জনবল ও অবকাঠামোগত সুবিধা বাড়াতে দুটি পৃথক প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
২০১২ সালে প্রতিষ্ঠিত পিবিআই প্রশিক্ষিত কর্মকর্তা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় জটিল অপরাধ, সাইবার অপরাধ, সন্ত্রাসবাদ এবং সংঘবদ্ধ অপরাধের তদন্ত পরিচালনা করে আসছে।

সম্প্রতি পুলিশের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পর্যটন খাতের উন্নয়ন, দর্শনার্থীদের নিরাপত্তা এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এ ইউনিটকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বিশেষায়িত পুলিশ ইউনিটগুলোকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে সরকারের উদ্যোগ দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা