অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগাররা আজ বৃহস্পতিবার (১১ জুন) দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।
প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ের পর স্বাগতিকদের সামনে সিরিজ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ এসেছে। আজকের ম্যাচে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই অজিদের।
ম্যাচের আগে প্রস্তুতিতে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে বুধবার নির্ধারিত অনুশীলন করতে পারেনি সফরকারীরা। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রস্তুতিতে কিছুটা পিছিয়ে রয়েছে তারা। বিপরীতে, চেনা কন্ডিশন ও আত্মবিশ্বাসকে পুঁজি করে মাঠে নামতে প্রস্তুত নাজমুল হোসেন শান্তর দল।
দলীয় সূত্রে জানা গেছে, টানা ব্যর্থতায় ওপেনার সাইফ হাসানের জায়গা নিয়ে আলোচনা চলছে। তার পরিবর্তে অভিজ্ঞ অলরাউন্ডার সৌম্য সরকারকে একাদশে ফেরানো হতে পারে। এছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে একাধিক বাঁহাতি ব্যাটার থাকায় কৌশলগত কারণে লেগ-স্পিনার রিশাদ হোসেনকে খেলানোর সম্ভাবনাও জোরালো। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।
সব মিলিয়ে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু সিরিজ নির্ধারণীই নয়, বরং অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন ইতিহাস গড়ারও এক অনন্য সুযোগ।
বাংলাদেশ নিউজ টুডে / এস.এ