যুক্তরাষ্ট্রসহ শত্রুদের কোনো ধরনের হুমকিকে ইরান গুরুত্ব দেয় না বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মজিদ ইবনুর রেজা। তার দাবি, বারবার হুমকি দিয়েও ইরানের সিদ্ধান্ত বা অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে পার্সটুডে জানায়, সাম্প্রতিক মার্কিন কর্মকর্তাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
ইবনুর রেজা বলেন, ইরানের সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর ওপর চাপ সৃষ্টি বা ভয় দেখানোর মাধ্যমে অবস্থান পরিবর্তনের ধারণা ‘মারাত্মক ভুল’। তার মতে, হুমকির পুনরাবৃত্তি শত্রুদের তথ্য ও বিশ্লেষণ ব্যবস্থার দুর্বলতাই প্রকাশ করছে।
তিনি আরও বলেন, ইরানের সঙ্গে হুমকির ভাষায় কথা বলা যাবে না। তেহরানের দৃষ্টিতে এসব বক্তব্য মূলত রাজনৈতিক বার্তা, যার পেছনে বাস্তব সামরিক সক্ষমতার প্রমাণ নেই।
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতিকে দায়ী করে ইবনুর রেজা বলেন, ইরান কখনোই প্রতিবেশী দেশ বা এ অঞ্চলের জনগণের জন্য হুমকি ছিল না এবং ভবিষ্যতেও হবে না।