সাবেক সেনাকর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই জিজ্ঞাসাবাদ। সোমবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন দাবি করেছেন, ১৯৮১ সালের ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেছিলেন সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান।
এ ছাড়া হত্যাকাণ্ডের দুই দিন আগে, ২৮ মে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন বলেও মোজাফফর জানিয়েছেন বলে দাবি করেছে প্রসিকিউশন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার আছেন মোজাফফর। গত ২৩ জুলাই তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তার হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ ঘটনার ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয় মোজাফফর হোসেনকে।