রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থায় যুক্ত করতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে এমআরটি লাইন-৫-এর সাউদার্ন রুট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পটি এখন একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আগামী ১৬ সেপ্টেম্বর একনেকের সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। অনুমোদন পেলে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড—ডিএমটিসিএল।
গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত এই রুটে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদ গেট, কারওয়ান বাজার, তেজগাঁও, হাতিরঝিল, আফতাব নগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে গণপরিবহন সংযোগ তৈরি হবে।
প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা। আর এডিবি ও দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা।
প্রকল্পের আওতায় এমআরটি লাইন ও স্টেশন, ডিপো, বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থা, রেলওয়ে সিস্টেম, রোলিং স্টক এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে।
প্রস্তাবিত রুটটি এমআরটি লাইন-৫-এর নর্দার্ন রুট ও এমআরটি লাইন-১-এর সঙ্গে যুক্ত হবে। পরিকল্পনা কমিশনের মতে, আন্তঃসংযোগের ফলে ঢাকার বিভিন্ন এলাকায় যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি যানজট কমাতে এবং পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সম্প্রসারণে ভূমিকা রাখবে প্রকল্পটি। নিউজ ডেস্ক: বাংলাদেশ নিউজ টুডে