জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য এবং জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, আগের লংমার্চে জামায়াতের আমির বলেছিলেন, জাতির প্রয়োজনে ছয় দফা এক দফায় পরিণত হতে পারে। আর এবারের লংমার্চে তিনি বলেছেন, আট দফা এক দফায় পরিণত হতে পারে। এ সময় তিনি প্রশ্ন তোলেন, জাতির প্রয়োজনে কখন ছয় দফা আট দফায় পরিণত হলো।
পোস্টে তিনি আরও মন্তব্য করেন, যে নেতা দাবিদাওয়া ঠিক করতে পারেন না, তিনি শুধু জামায়াতি জাতির নেতা হতে পারেন, সমগ্র জাতির নেতা হতে পারেন না।
এনসিপির কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, গতকাল জাতীয় সংসদ ভবনের সামনে দলটির আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের তুলনায় সাংবাদিকদের উপস্থিতি বেশি ছিল বলে তার মনে হয়েছে। কোনো বাধা না থাকা সত্ত্বেও জনগণের সাড়া না পাওয়ার কারণ এনসিপি অনুসন্ধান করেছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
পোস্টের শেষাংশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আগের বক্তব্যের প্রসঙ্গ টানেন রাশেদ খাঁন। তার দাবি, নির্বাচনের আগে নাহিদ ইসলাম বলেছিলেন, জামায়াতের নেতৃত্ব দেশের জনগণ কখনো গ্রহণ করবে না। পরে নাহিদ ইসলাম জামায়াতের আমিরের নেতৃত্ব গ্রহণ করার পর থেকেই দুই নেতার কোনো নেতার আহ্বানেই জনগণ আর সাড়া দিচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।