আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য ভুলে নগরবাসীর সেবার মানোন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে সুস্থ গণতান্ত্রিক প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েমের প্রতি শুভকামনা জানান নাসীরুদ্দীন পাটোয়ারী।
সৌহার্দ্যপূর্ণ নির্বাচনী পরিবেশের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিযোগিতায় মতের ভিন্নতা থাকতেই পারে। তবে এর পাশাপাশি সৌহার্দ্য, সৌজন্য ও ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখা প্রয়োজন। ঢাকার জন্য প্রতিযোগিতা হোক—কে নগরবাসীকে কতটা ভালো সেবা ও পরিবর্তন দিতে পারেন, সেই প্রতিযোগিতাই হওয়া উচিত।
এর আগে গত রোববার আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি। দলটির পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটোয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।