• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

দীর্ঘ বিরতির পর রৌমারী-চিলমারী নৌপথে ফেরি চলাচল শুরু

প্রতিবেদক / ৬০ বার
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

নাব্য সংকটের কারণে দীর্ঘ প্রায় ৬ মাস বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) রৌমারী থেকে ‘কদম’ ফেরি চিলমারীর উদ্দেশে ছেড়ে আসবে। পরবর্তীতে ‘কুঞ্জলতা’ ফেরিটিও ট্রাফিকে যুক্ত হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদে রৌমারী-চিলমারী ফেরি সার্ভিস চালু হয়। তবে চালুর পর প্রায় তিন বছরের মধ্যেই নাব্য সংকটের অজুহাতে একাধিকবার ফেরি চলাচল বন্ধ করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে নাব্য সংকটের কারণে পুরোপুরি ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

চিলমারী নৌবন্দর এলাকার বাসিন্দা খলিল মিয়া বলেন, “কয়েক মাস পর ফেরি আবার চালু হচ্ছে, এটা অবশ্যই খুশির খবর। আমরা চাই সারা বছর ফেরি চলাচল অব্যাহত থাকুক। এতে মানুষের ভোগান্তি কমবে।”
কুড়িগ্রাম শহরের ট্রাকচালক আব্দুল বারী সরকার বলেন, “চিলমারী নৌবন্দর থেকে ঢাকা যেতে সময় ও তেল দুটোই কম লাগতো। ফেরি বন্ধ থাকায় এখন অনেক দূর ঘুরে যেতে হচ্ছে। এতে খরচ বেড়ে গেছে। নাব্যতার অজুহাতে যেন বারবার ফেরি বন্ধ না হয়, সে বিষয়টি কর্তৃপক্ষকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।”

এ বিষয়ে বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ জানান, চিলমারী নৌবন্দর ও রৌমারী ঘাট এলাকায় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকে নিয়মিত ফেরি চলাচল শুরু হবে। এছাড়া ড্রেজিং কার্যক্রম পরিচালনার ফলে এবার প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার দূরত্ব কমে আসবে বলেও জানান তিনি।

মোঃ রুবেল মিয়া
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা