নিজস্ব প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাতে সীমান্তের বনচৌকি এলাকার কাছে এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরের দিকে খাদেমুলসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত পিলার ৯০৫/৬ এস সংলগ্ন এলাকায় যান। একপর্যায়ে তারা কাঁটাতারের বেড়ার কাছাকাছি পৌঁছালে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় তার সঙ্গে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের মরদেহ বর্তমানে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, খাদেমুল মাছ শিকার করতে নদীর পাড়ে গিয়েছিলেন। এসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সীমান্তে নিরীহ বাংলাদেশিদের ওপর গুলি চালানোর ঘটনা বন্ধের দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
সীমান্ত এলাকায় এমন ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সীমান্তে প্রাণঘাতী শক্তি প্রয়োগ বন্ধে দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও প্রায়ই এমন হতাহতের ঘটনা ঘটছে।