• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

ডিসেম্বরে ময়মনসিংহ থেকে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা : রেল প্রতিমন্ত্রী

প্রতিবেদক / ৪৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ময়মনসিংহ থেকে যাত্রীসেবার মানোন্নয়ন ও রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক করার অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে একটি আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

বুধবার দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, যাত্রীসেবার উন্নয়নের লক্ষ্যেই ময়মনসিংহ থেকে সিলেট অথবা ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

তিনি আরও জানান, ময়মনসিংহ রেল স্টেশনকে আধুনিকায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর আওতায় যাত্রীসেড, বিশ্রামাগার, পাবলিক টয়লেট এবং নামাজখানা নির্মাণ করা হবে, যাতে যাত্রীদের মৌলিক সেবা নিশ্চিত করা যায়।

রেল প্রতিমন্ত্রী বলেন, নগরীর কাচারিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর একটি বেইলি ব্রিজ নির্মাণ, এবং গুরুত্বপূর্ণ স্থানে তিনটি ওভারপাস বা আন্ডারপাস স্থাপনের পরিকল্পনাও সরকারের রয়েছে। পাশাপাশি বর্তমানে বন্ধ থাকা মোহনগঞ্জ রুটের ট্রেন পুনরায় চালু এবং কোচ সংখ্যা বাড়ানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, নগরীর যানজট নিরসনে একটি সমন্বিত সমীক্ষা পরিচালনা করা হবে। বিশেষ করে চরপাড়া এলাকায় একটি ইউল্যাব স্থাপনের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

সভায় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করছে। স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড বিতরণের মাধ্যমে জনগণকে আরও স্বনির্ভর করে গড়ে তোলার উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে।

এর আগে সকালে প্রতিমন্ত্রী ময়মনসিংহ নগরীর কাচারিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর প্রস্তাবিত বেইলি ব্রিজ স্থাপনের স্থান, চরপাড়া এলাকায় ইউল্যাব স্থাপনের সম্ভাব্য জায়গা এবং বেহাল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।

সভা শুরুর আগে সিটি করপোরেশনের প্রশাসকের ব্যক্তিগত উদ্যোগে নগরীর বস্তিবাসী ও দরিদ্র পরিবারের জন্য প্রায় ৭ হাজার স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা