• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ফেসবুক রিয়েক্টকে কেন্দ্র করে উখিয়ায় সংঘর্ষ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

প্রতিবেদক / ৮ বার
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফেসবুক পোস্টে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, সন্তানকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান তিনি।

শনিবার (১৬ মে) রাত প্রায় ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী ছৈয়দা বেগম স্থানীয় সাব্বির আহমদের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা থানায় অভিযোগ দিলেও মামলা হয়নি। এরপর থেকেই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল বলে জানা গেছে।

এরই ধারাবাহিকতায় শনিবার স্থানীয় ছাত্রদল নেতা জিসানের একটি ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেন ছাত্রলীগ নেতা ইউনুস। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, পরে বিএনপি ও ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন নেতাকর্মী ইউনুসকে মারধর শুরু করলে তাকে রক্ষা করতে এগিয়ে যান স্থানীয় এনজিওকর্মী এস এম ইমরান। এ সময় ইমরানকেও মারধর করা হয় বলে দাবি করেছে স্থানীয়রা।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, খবর পেয়ে ইমরানের মা ছৈয়দা বেগম ঘটনাস্থলে গিয়ে ছেলেকে রক্ষা করার চেষ্টা করলে তাকেও মারধর করা হয়। এতে গুরুতর আহত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের স্বজনরা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা মিজান সিকদার, আব্দুল করিম, আকাশ, সাইফুল সিকদার, ছৈয়দ বাবুল, মাহবুবুর রহমান, ছালাম সিকদার, ছাত্রদল নেতা জিসান ও অ্যাম্বুলেন্সচালক শামসুল আলমের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

অন্যদিকে, ছাত্রলীগ নেতা ইউনুসকে মারধরের পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে এ ঘটনায় বিএনপি বা ছাত্রদলের কোনো নেতাকর্মীকে আটক করা হয়নি বলে জানা গেছে।
ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত পক্ষ সংবাদ সম্মেলন করে ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করে দুঃখ প্রকাশ করে এবং নিজেদের নির্দোষ দাবি করে।

এ বিষয়ে উখিয়া থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, ওই নারীর মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা