নিজস্ব প্রতিনিধিঃ
সৌদি আরবের জেদ্দা–রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটলী ইউনিয়নের বাসুদাই গ্রামের নূর-এ-আলম (৪২) এবং চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়া গ্রামের ইউনুস মিয়া (৪৮)। শনিবার সকালে তাদের মৃত্যুর খবর পরিবারে পৌঁছায়।
পরিবার ও স্বজনদের বরাতে জানা যায়, নূর-এ-আলম ও ইউনুস মিয়া রিয়াদে যৌথভাবে ব্যবসা পরিচালনা করতেন। ঘটনার দিন জেদ্দা থেকে ব্যবসার পণ্য নিয়ে রিয়াদে ফেরার পথে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নূর-এ-আলম ও ইউনুস মিয়ার মৃত্যু হয়। একই ঘটনায় একজন সৌদি নাগরিকও নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে গাড়িচালকের অবস্থা আশঙ্কাজনক।
সৌদি আরব প্রবাসী বাংলাদেশি মনির হোসেন জানান, দুর্ঘটনার সময় গাড়িতে থাকা সবাই গুরুতরভাবে আহত হন এবং পরে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়।
নিহত নূর-এ-আলমের স্ত্রী সুমী আক্তার বলেন, তার স্বামীর আয়ের ওপর পুরো পরিবার নির্ভরশীল ছিল। এখন পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে। তিনি দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে, দীর্ঘ ২৪ বছর প্রবাসজীবন শেষে এবার ঈদুল আজহায় পরিবারের সঙ্গে সময় কাটানোর প্রস্তুতি নিচ্ছিলেন ইউনুস মিয়া। পরিবারের সদস্যরা জানান, তিনি ২৭ মে দেশে ফেরার টিকিটও কেটে রেখেছিলেন এবং নবজাতক সন্তানকে প্রথমবার দেখার অপেক্ষায় ছিলেন।
ইউনুস মিয়ার ছোট ভাই ওমর ফারুক মারুফ বলেন, তিনি ছিলেন পরিবারের প্রধান ভরসা। এবার দেশে ফেরার আনন্দ নিয়েই প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু সেই প্রত্যাবর্তন আর হলো না।
কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।