এম আর সজিব, সুনামগঞ্জ প্রতিনিধি:
মাদক, জুয়া ও চোরাচালানবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, মামলা তদন্তে সাফল্য এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মো. রতন শেখ, পিপিএম শ্রেষ্ঠত্বের পুরস্কারে ভূষিত হয়েছেন।
রোববার সকাল ১১টায় বাংলাদেশ পুলিশ আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়। সুনামগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় নবাগত সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান ওসি রতন শেখের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন। জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার গ্রহণ শেষে ওসি মো: রতন শেখ বলেন, এই অর্জন শুধু আমার একার নয়। সদর মডেল থানার প্রতিটি পুলিশ সদস্যের আন্তরিকতা, পেশাদারিত্ব ও সম্মিলিত টিমওয়ার্কের ফলেই এ সাফল্য এসেছে। পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও আমাদের কাজকে আরও সহজ করেছে।
সুনামগঞ্জ সদর মডেল থানা দীর্ঘদিন ধরেই জেলার গুরুত্বপূর্ণ একটি থানা হিসেবে পরিচিত। সীমান্তঘেঁষা জেলা হওয়ায় মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এ থানাকে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। বর্তমান ওসির নেতৃত্বে সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চুরি-ডাকাতি দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় সচেতন মহল ও নেটিজেনদের ভাষ্য, সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ, দ্রুত অভিযোগ গ্রহণ, অপরাধ দমনে কঠোর অবস্থান এবং মাঠপর্যায়ে সক্রিয় নেতৃত্বের কারণে ওসি রতন শেখ ইতোমধ্যেই সুনামগঞ্জ সদরবাসীর আস্থা অর্জন করেছেন। অনেকের মতে, অতীতের তুলনায় বর্তমানে সদর মডেল থানার কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়েছে।
সদরবাসীর অভিমত, জনসেবামুখী মনোভাব, অপরাধ নিয়ন্ত্রণে দৃঢ়তা এবং পেশাদার নেতৃত্বের কারণে ওসি রতন শেখের মতো কর্মকর্তা সুনামগঞ্জ সদর মডেল থানায় দীর্ঘদিন পর দেখা গেছে।