নিজস্ব প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর তীরে গোপনে চলা জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, সোমবার (১৮ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের শালিকাদহ ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ওসির নেতৃত্বে অভিযানটি চালানো হয়।
অভিযানকালে জুয়ার আসর থেকে নগদ ৭ হাজার ৩০০ টাকা, ৩টি ডাবু, ১৮টি ফরগুটি এবং একটি ফর্দি জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের রবিউল ইসলাম (৩৩), চন্ডিদাসপুরের রেজাউল করিম (৩৫), রংপুরের পীরগঞ্জ উপজেলার জুনুদেপাড়ার আবেদ আলী (৬০) এবং ঠাকুরদাস লক্ষ্মীপুরের সাদিকুল ইসলাম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করতোয়া নদীর পাড়ের নিরিবিলি এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে জুয়ার আসর চলছিল। সেখানে বিভিন্ন এলাকার লোকজন একত্রিত হয়ে পাশা খেলে টাকা লেনদেন করতেন।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, আটক চারজনসহ অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারদের দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।