• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

প্রতিবেদক / ৩২ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লোকালয়ের একটি চারতলা ভবনের শৌচাগার (ওয়াশরুম) থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার সাতগাঁও চৌমুহনা এলাকার সফেদ মিয়ার বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। পরে সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সকালে সাতগাঁও চৌমুহনা এলাকার বাসিন্দা সফেদ মিয়ার চারতলা ভবনের একটি শৌচাগারে অদ্ভুত আকৃতির একটি প্রাণী ঢুকে নিস্তেজ হয়ে বসে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। প্রাণীটি নড়াচড়া করছিল অত্যন্ত ধীরগতিতে এবং মাঝেমধ্যে মাথা উঁচু করে চারদিকে তাকাচ্ছিল।

পরে এক সংবাদকর্মীর মাধ্যমে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা প্রাণীটি শনাক্ত করে নিশ্চিত হন যে এটি একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর। পরে সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় বলে জানা যায়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, বন-জঙ্গল অস্বাভাবিকভাবে উজাড় হয়ে যাওয়ার কারণে এই অঞ্চলের বন্য প্রাণীরা তীব্র খাদ্যসংকটে ভুগছে। জীবন বাঁচাতে ও খাবারের সন্ধানেই প্রাণীগুলো এখন বন ছেড়ে লোকালয়ে চলে আসছে। উদ্ধার হওয়া লজ্জাবতী বানরটি আন্তর্জাতিকভাবে বিপন্ন প্রজাতির প্রাণী। আমরা সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।

বন বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া লজ্জাবতী বানরটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক থাকলে সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান বা কোনো নিরাপদ প্রাকৃতিক বনে অবমুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা