খাজা রাশেদ,লালমনিরহাট।।
লালমনিরহাট শহরের হাড়িভাঙ্গা এলাকায় অবস্থিত ‘আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুল’- এর তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআনের সবক প্রদান, প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ মে) সকালে,আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুল,লালমনিরহাটের আয়োজনে, বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি শেখ ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী মৌলভী শিক্ষক মাওলানা মোঃ আলতাব হোসেন। তিনি বলেন:
”আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। জাগতিক শিক্ষার পাশাপাশি শিশুদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। কোমলমতি শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সবক প্রদানের এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট আহছানিয়া মিশনের সভাপতি মাওলানা আবদুল জলিল মুন্সি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে, মেধা পুরস্কার এবং পবিত্র কুরআনের সবক গ্রহণকারী শিক্ষার্থীদের হাতে, বিশেষ উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক মোঃ বদিউজ্জামান।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ এম এরশাদুল হক সাফল্যের সাথে বিদ্যালয়টি পরিচালনা করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।