নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপির এক স্থানীয় নেতা কুপিয়ে হত্যা হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে, স্বজন ও দলীয় নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছেন।
বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ওসমান গনি (৪০), তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্র জানায়, ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের এক নেতার সঙ্গে তার বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে আড়াইহাজার জাবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর বৃহস্পতিবার সকালে স্বজন ও দলীয় নেতাকর্মীরা আড়াইহাজার–গাউছিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়।
এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।