নিজস্ব প্রতিনিধিঃ
কোরবানির ঈদকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে নজর কাড়ছে ব্যতিক্রমী এক খাসি। স্থানীয়দের কাছে এটি এখন পরিচিত হয়ে উঠেছে ‘সুলতানের সুলতান’ নামে।
সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার বাসিন্দা সুলতানের লালন-পালনে বড় হওয়া এই খাসিটির ওজন প্রায় ৬৫ কেজির বেশি। মালিকের নামও সুলতান হওয়ায় নাম ও বাস্তবতার মিলেই এলাকায় এটি নিয়ে তৈরি হয়েছে আলাদা কৌতূহল ও আলোচনার কেন্দ্র।
মালিক সুলতান জানান, ছোটবেলা থেকেই খাসিটিকে তিনি পরিবারের সদস্যের মতো করে লালন-পালন করেছেন। কোনো ধরনের ক্ষতিকর ফিড বা ওষুধ ছাড়াই ঘাস, ভুসি ও প্রাকৃতিক খাবারের মাধ্যমে এটিকে বড় করা হয়েছে।
তিনি বলেন, খাসিটিকে তিনি অত্যন্ত যত্নে বড় করেছেন, তাই এর সঙ্গে পরিবারের আবেগও জড়িয়ে গেছে। ইতোমধ্যে অনেক আগ্রহী ক্রেতা খাসিটি দেখতে এসেছেন এবং দরদামও করেছেন।
স্থানীয়দের মতে, খাসিটির সুঠাম গঠন, চকচকে শরীর ও শান্ত স্বভাব একে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এটি দেখছেন, কেউ ছবি তুলছেন, কেউ আবার সামাজিক মাধ্যমে শেয়ার করছেন।
শুক্রবার (২২ মে) মালিক জানান, খাসিটির দাম প্রায় এক লাখ টাকা ধরা হয়েছে। তবে আলোচনার মাধ্যমে কিছুটা সমঝোতার সুযোগ রাখা হয়েছে। তিনি চান এমন একজন ক্রেতার কাছে এটি বিক্রি করতে, যিনি পশুটির যথাযথ মূল্যায়ন করবেন।
এদিকে স্থানীয়ভাবে অনেকেই বলছেন, কোরবানির পশু খামারের পাশাপাশি বাসাবাড়িতেও লালন-পালনের প্রবণতা বাড়ছে। এতে একদিকে যেমন পারিবারিকভাবে পশুর প্রতি মমতা তৈরি হচ্ছে, অন্যদিকে ছোট পরিসরে পালন করে অর্থনৈতিক লাভও হচ্ছে। এই প্রেক্ষাপটে ‘সুলতানের সুলতান’ এখন সৈয়দপুরের আলোচিত নাম হয়ে উঠেছে।