মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
রিয়াজুল ইসলাম
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয় ওমন্ডপ বাজারে জাল টাকা চালানোর সময় এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। ঈদকে সামনে রেখে বাজারে কেনাকাটার ব্যস্ততার সুযোগ নিয়ে তিনি নতুন নোটের মতো দেখতে জাল টাকা ব্যবহার করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এক দোকানে কেনাকাটার সময় ওই ব্যক্তির দেওয়া টাকা সন্দেহজনক মনে হলে দোকানদার নোটটি ভালোভাবে পরীক্ষা করেন। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানানো হলে এলাকাবাসী তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা আরও বেশ কিছু জাল টাকা উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, উদ্ধার হওয়া নোটগুলো দেখতে অনেকটাই আসল নতুন টাকার মতো ছিল। তবে কাগজের মান ও নিরাপত্তা চিহ্ন দেখে সেগুলো জাল বলে নিশ্চিত হওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, ঈদকে সামনে রেখে জাল টাকার চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাই বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জাল টাকা তৈরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।