নিজস্ব প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর ওপর প্রস্তাবিত বাংটুর ঘাট সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেছে চীনা রোড ব্রিজ কর্পোরেশনের (সিআরবিসি) পাঁচ সদস্যের প্রতিনিধি দল। শনিবার দুপুরে তারা নদীর দুই পাড় ঘুরে দেখেন এবং সম্ভাব্য সেতু নির্মাণস্থলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী জাইয়া সাই। দলে আরও ছিলেন বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শানতোনো।
স্থানীয় সূত্রে জানা যায়, ধরলা নদীর বাংটুর ঘাটে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। বর্তমানে নৌযানের মাধ্যমে পারাপার হওয়ায় বর্ষা মৌসুমসহ সারা বছরই দুর্ভোগ পোহাতে হয় হাজারো মানুষকে। সেতুটি নির্মিত হলে কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন এলাকার সঙ্গে সহজ যোগাযোগ স্থাপনের পাশাপাশি কৃষি, বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
পরিদর্শনকালে বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য সাঈদ আহমেদ বাবুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্ভাব্য সেতুর স্থান, নদীর গতিপ্রকৃতি, দুই পাড়ের সংযোগ সড়কসহ প্রাথমিক কারিগরি বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়েছে, যা পরবর্তী বিস্তারিত মূল্যায়নে সহায়ক হবে।
স্থানীয়দের প্রত্যাশা, বাংটুর ঘাটে সেতু বাস্তবায়িত হলে ধরলা পাড়ের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংকটের অবসান ঘটবে এবং অঞ্চলটির আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।