মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
রিয়াজুল ইসলাম
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নে দুস্থ ও দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৫০ বস্তা (২.৫ মেট্রিক টন) সরকারি চাল আত্মসাতের অভিযোগে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (২৪ মে) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ধামশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও বিলপৌলী গ্রামের মৃত রহিম বক্সের ছেলে আয়নাল হক (৬৫) এবং ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও রাথুরা গ্রামের মৃত আব্দুর রহিম মোল্লার ছেলে মো. মানিয়ার (৬২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরে ধামশ্বর ইউনিয়নের ১ হাজার ৭৮৮ জন উপকারভোগীর জন্য ১৭ দশমিক ৮৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু অভিযুক্ত দুই ইউপি সদস্য স্থানীয় কয়েকজন চাল ব্যবসায়ীর যোগসাজশে আত্মসাতের উদ্দেশ্যে ৫০ কেজি ওজনের ৫০ বস্তা চাল গোপনে ধামশ্বর ইউনিয়নের রাথুরা গ্রামের জাহানারা বেগমের বাড়িতে মজুত করে রাখেন।
বাড়ির মালিক জাহানারা বেগম জানান, অভিযুক্তরা দুই দিন পর চালগুলো নিয়ে যাওয়ার কথা বলে তাঁর বাড়িতে রেখেছিলেন।
পরবর্তীতে স্থানীয় জনগণ ও যুবদল নেতাকর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রশাসন উপজেলার রাথুরা গ্রামের ওই বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা চাল জব্দ করে এবং তা সরকারি হেফাজতে নেয়।
ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইদ্রিস আলী বলেন, “সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে। বরাদ্দকৃত সরকারি চাল ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন জানান, সরকারি চাল আত্মসাতের অভিযোগে দুই ইউপি সদস্যকে আটক করে নিয়মিত মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার গণমাধ্যমকে জানান, এ ঘটনায় দৌলতপুর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।