নিজস্ব প্রতিনিধিঃ
বরগুনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন বামনা উপজেলার মোসা. নিকহাত আরা। দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, জনবান্ধব সেবা কার্যক্রম এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মান অর্জন করেন।
জেলা প্রশাসনের মূল্যায়নে সরকারি সেবার মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকর বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শিক্ষা বিস্তার ও জনসচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে তিনি জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে মনোনীত হন।
বামনা উপজেলায় যোগদানের পর থেকেই মোসা. নিকহাত আরা প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তিনি একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা, নারী ও শিশু সুরক্ষা, শিক্ষার উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় তার কার্যকর ভূমিকা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।
তার এই অর্জনে বামনা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
প্রতিক্রিয়ায় মোসা. নিকহাত আরা বলেন, এই অর্জন ব্যক্তিগত নয়, বরং বামনা উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি ভবিষ্যতেও জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।