নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে চার বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে নির্জন ঝোপের ভেতর নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১০। গতকাল শনিবার (২৩ মে) দুপুরে ঝিলমিল আবাসন প্রকল্প এলাকা থেকে অভিযুক্তকে আটক এবং ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করা হয়।
আটক শাহ পরান পটুয়াখালী জেলার শেখহাটি এলাকার বাসিন্দা। সে ও আক্রান্ত শিশুর পরিবার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ঝাউবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শিশুটির মা-বাবা বাসায় ছিলেন না। এই সুযোগে প্রতিবেশী শাহ পরান চকলেট খাওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বাসা থেকে বের করে নিয়ে যায়। পরে একটি অটোরিকশাযোগে তারা ঝিলমিল আবাসন প্রকল্পের নির্জন এলাকার দিকে রওনা হয়। তবে পথিমধ্যে যুবকটির আচরণ ও কথাবার্তা দেখে সন্দেহ হয় অটোরিকশাচালক মো. রাকাত হোসেনের (৩৮)।
অটোরিকশাচালক জানান, তারা ঝিলমিল এলাকায় নামার পর ঘটনাটি নিশ্চিত হতে তিনি কিছুটা দূরে অপেক্ষা করছিলেন। একপর্যায়ে যুবকটি শিশুটিকে নিয়ে রাস্তার পাশের একটি ঝোপের ভেতর চলে যায় এবং সেখান থেকে শিশুটির কান্নার শব্দ শুনতে পান তিনি। তাৎক্ষণিকভাবে ওই চালক বিষয়টি কাছাকাছি থাকা র্যাব-১০-এর একটি টহল দলকে জানান। খবর পেয়ে র্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং অভিযুক্ত শাহ পরানকে হাতেনাতে আটক করেন।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি তারা জেনেছেন। অভিযুক্ত আসামি বর্তমানে র্যাবের হেফাজতে রয়েছে। র্যাব তাকে থানায় হস্তান্তর করামাত্রই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।