• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

জঙ্গল সলিমপুরে তিন সড়ক উন্নয়নে ১৬ কোটি টাকার বরাদ্দ চায় জেলা প্রশাসন

প্রতিবেদক / ৮ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলা প্রশাসন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম ও আলোচিত এলাকা জঙ্গল সলিমপুর–এ তিনটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক পাকা করার জন্য ১৬ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এলাকাটির প্রশাসনিক নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উন্নত সড়ক যোগাযোগ অত্যন্ত জরুরি। এ কারণে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মাধ্যমে ডিপিএম পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রায় ৩ হাজার ১০০ একর আয়তনের এই এলাকায় দীর্ঘদিন ধরে দুর্গমতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে প্রশাসনিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়ে আসছে বলে উল্লেখ করা হয়। প্রশাসনের দাবি, অতীতে এ এলাকায় বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আরও জটিল পরিস্থিতি তৈরি করেছে।
গত ৯ মার্চ যৌথ বাহিনীর বড় ধরনের অভিযানের পর এলাকা থেকে অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়া হয় এবং সেখানে নিরাপত্তা জোরদারে যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়। তবে পরবর্তীতে ক্যাম্প লক্ষ্য করে হামলা ও সড়ক ক্ষতিগ্রস্ত করার ঘটনাও ঘটে বলে প্রশাসনের ভাষ্য।
চিঠিতে আরও বলা হয়, দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে নিরাপত্তা ক্যাম্পে খাদ্য, পানি ও অন্যান্য সরঞ্জাম সরবরাহে সমস্যা হচ্ছে। সড়কগুলো উন্নত করা হলে প্রশাসনিক তৎপরতা বাড়বে এবং স্থানীয় মানুষের চলাচলও সহজ হবে।
প্রস্তাবিত তিনটি সড়কের মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে ছয় কিলোমিটার। এর মধ্যে বায়েজিদ লিংক রোড থেকে কালা পানিয়া–বেতুয়া হয়ে হাটহাজারী বাজার লিংক সড়ক পর্যন্ত উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ কোটি টাকা। এছাড়া জলিল টেক্সটাইল থেকে আলীনগর প্রাইমারি ও হাইস্কুল সড়কে প্রায় ৫ কোটি টাকা এবং ছিন্নমূল বিদ্যুৎ অফিস থেকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এম আর চৌধুরী ফায়ারিং রেঞ্জ সড়কে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সড়ক উন্নয়ন হলে নিরাপত্তা কার্যক্রম আরও সহজ হবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রাও স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা