নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর অস্থায়ী শিবিরে পরিকল্পিত সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা প্রায় দুই ঘণ্টা ধরে গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে।
গত রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ হামলা শুরু হয় বলে জানা যায়। হামলার সময় যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের মধ্যে দীর্ঘ সময় ধরে গোলাগুলি চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রাণঘাতী নয়—এমন অস্ত্রও ব্যবহার করা হয়।
র্যাব-৭ এর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ‘ইয়াসিন বাহিনী’ নামে পরিচিত একটি সশস্ত্র গ্রুপ এ হামলার সঙ্গে জড়িত। তারা পরিকল্পিতভাবে যৌথ বাহিনীর চলাচল ব্যাহত করতে কয়েকটি স্থানে রাস্তা কেটে ফেলে এবং কালভার্ট ভেঙে দেয়। এমনকি নির্মাণাধীন শিবিরের একটি অংশ বুলডোজার দিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।
হামলার পর সকালে যৌথ বাহিনীর অভিযানে কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় ও প্রশাসনিক সূত্র অনুযায়ী, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক সশস্ত্র গোষ্ঠীর প্রভাব রয়েছে। প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি খাসজমি ঘিরে সেখানে অবৈধ বসতি, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি একই এলাকায় সংঘর্ষে র্যাবের এক কর্মকর্তা নিহত হন এবং কয়েকজন সদস্য আহত হন। এরপর থেকে সেখানে ধারাবাহিকভাবে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।
সাম্প্রতিক একাধিক অভিযানে বহুজনকে গ্রেফতার করা হলেও ‘ইয়াসিন বাহিনী’ ও সংশ্লিষ্ট আরও কয়েকজন শীর্ষ ব্যক্তি এখনো পলাতক রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে প্রশাসন জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সরকারি স্থাপনা নির্মাণ কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে।