সারাদেশে প্যাডেলচালিত রিকশা বন্ধ, ব্যাটারিচালিত রিকশার জন্য পৃথক নীতিমালা এবং পরিবেশ সুরক্ষায় প্রাইভেটকারের ব্যবহার নিয়ন্ত্রণের দাবি জানিয়ে সরকারের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই নোটিশ পাঠান। এতে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট পাঁচ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
নোটিশে আগামী ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তা জানাতে বলা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট করার কথা জানানো হয়েছে।
নোটিশে দাবি করা হয়, অল্পসংখ্যক মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলেও এসব যান সড়কের বড় অংশ দখল করে রাখে। পাশাপাশি জ্বালানি আমদানির চাপ ও বায়ুদূষণ বাড়ছে। তাই প্রাইভেটকার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চহারে পরিবেশ কর আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।
অন্যদিকে, প্যাডেলচালিত রিকশার পরিবর্তে গতি, ব্রেক ও নিরাপত্তা নিশ্চিত করে ব্যাটারিচালিত রিকশার জন্য বৈজ্ঞানিক নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।
জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতি রক্ষায় গণপরিবহন এবং নিরাপদ রিকশা ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়েছে আইনি নোটিশে।