বাংলা চলচ্চিত্রের প্রচার, প্রসার, বিকাশ ও মানোন্নয়নের লক্ষ্য নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নিবন্ধন পেয়েছে বেঙ্গল ফিল্ম সোসাইটি।
চলচ্চিত্র নির্মাতা ও সংগঠক জীবন শাহাদাতের আবেদনের পরিপ্রেক্ষিতে গঠিত এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রিয় গীতিকার, লেখক ও সাংবাদিক অনুরূপ আইচ। সংগঠনটির বিভিন্ন পদে যুক্ত রয়েছেন দেশের পরিচিত চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সাংবাদিকরা।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমানের কাছ থেকে নিবন্ধনের সার্টিফিকেট গ্রহণ করেন সাধারণ সম্পাদক জীবন শাহাদাৎ।
জীবন শাহাদাৎ জানান, চলচ্চিত্র সংসদ আইন ২০১১ অনুসরণ করে বাংলাদেশসহ বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে বাংলা চলচ্চিত্রের প্রচার, প্রসার ও মানোন্নয়নে কাজ করতে চান তারা।
অন্যদিকে সভাপতি অনুরূপ আইচ বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের অনেক তরুণ-তরুণী ভালো চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হলেও সুযোগের অভাবে তাদের কাজ দর্শকদের সামনে তুলে ধরতে পারছেন না।
বেঙ্গল ফিল্ম সোসাইটি এসব নতুন নির্মাতাকে সঙ্গে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করবে বলেও জানান তিনি।
সংগঠনটি অসত্য, অশ্লীল কিংবা অসুন্দরের পক্ষে কাজ করবে না উল্লেখ করে অনুরূপ আইচ বলেন, বাংলা চলচ্চিত্রের সুস্থ বিকাশ এবং নতুন নির্মাতাদের সুযোগ তৈরি করাই হবে তাদের অন্যতম প্রধান লক্ষ্য।