ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবে নতুন করে হামলা চালিয়েছে। সোমবার খামিস মুশাইতের একটি সামরিক বিমানঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হুতিরা। তাদের দাবি, ইয়েমেনে সৌদি বিমান হামলার জবাবেই এই আক্রমণ।
হামলার পর খামিস মুশাইতসহ সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আরও তিনটি শহরে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এর আগে শুক্রবারের হামলার জন্য ইরান-সমর্থিত ইরাকি যোদ্ধাদের দায়ী করেছিল সৌদি আরব। ওই হামলার পর হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ হয়ে যায়।
এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা করতে সোমবার ওমানে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। ইরানের দাবি, সৌদি আরবের অনুরোধেই বৈঠক স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান দ্রুত চুক্তি করতে চায়—এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। তিনি জানিয়েছেন, ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না।