ইসরায়েলি আগ্রাসন ও যুদ্ধ উসকে দেওয়ার বিরুদ্ধে আঞ্চলিকভাবে আরও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে ফোনালাপে তিনি এ বিষয়ে আলোচনা করেন।
মঙ্গলবার ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি, ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং যুদ্ধের আশঙ্কা নিয়ে দুই নেতা মতবিনিময় করেন।
আলাপকালে আব্বাস আরাঘচি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে লেবাননের প্রতিরোধের প্রতিও ইরানের পূর্ণ সমর্থনের কথা জানান তিনি।
জবাবে নাবিহ বেরি ইরানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দক্ষিণ লেবাননের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় ইসরায়েলের কথিত লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন বেরি। এসব কর্মকাণ্ডের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায় ও ইসলামি দেশগুলোর আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।